শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে আইসিজেতে যাওয়ার কথা বললেন স্পিকার
Published : ১৪:৪৮, ২৭ নভেম্বর ২০২৬
ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ না করলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দ্বারস্থ হতে পারে ঢাকা—এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তান সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বিবিসি উর্দুর বরাত দিয়ে বলা হয়েছে, ছয় দিনের সফরে পাকিস্তানে অবস্থান করছেন হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার ইসলামাবাদে সাংবাদিকদের তিনি বলেন, ভারত প্রত্যর্পণের অনুরোধে সাড়া না দিলে বাংলাদেশ আন্তর্জাতিক বিচার আদালতে যেতে পারে। শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন শেখ হাসিনা। তবে তাঁর এ ঘোষণার সমালোচনা করেছে বর্তমান সরকার। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার গ্রহণযোগ্য পথ হলো আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণ।
হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত তাঁর কর্মীদের উজ্জীবিত রাখার উদ্দেশ্যে। তাঁর ভাষ্য, শেখ হাসিনা বাস্তবে বাংলাদেশে ফিরবেন না।
১৯৭১ নিয়ে মন্তব্য
ইসলামাবাদে বক্তব্যে বাংলাদেশের স্পিকার দাবি করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারত বাঙালিদের সহায়তা করেনি; বরং পাকিস্তানকে দুর্বল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
বিবিসি উর্দুর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ কার্যত একটি প্রতিবেশী দেশের ‘উপনিবেশে’ পরিণত হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, এতে দেশের মানুষ ব্যাপক দুর্ভোগের শিকার হয়েছে।
কাশ্মীর ইস্যুতেও বক্তব্য দেন স্পিকার। তাঁর মতে, জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত।



























