জ্বালানি সংকটে চাপে বাংলাদেশ, ঝুঁকিতে পোশাকশিল্প ও অর্থনীতি
Published : ০১:৪৮, ২৭ নভেম্বর ২০২৬
জ্বালানি সংকট বাংলাদেশের শিল্প ও অর্থনীতির ওপর ক্রমেই বড় চাপ তৈরি করছে। আমদানিনির্ভর জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা, আন্তর্জাতিক ভূরাজনৈতিক উত্তেজনা, গ্যাসের সরবরাহ ঘাটতি এবং বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং দেশের উৎপাদন খাতকে কঠিন পরিস্থিতির মুখে ফেলেছে। বিশেষ করে দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাকশিল্প এখন বাড়তি উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার ঝুঁকিতে রয়েছে।
মার্কিন সাময়িকী টাইম-এর এক প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট, শিল্প উৎপাদনে এর প্রভাব এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে সৃষ্ট অর্থনৈতিক ঝুঁকির চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ঢাকার উত্তরে আশুলিয়ায় অবস্থিত হা-মীম গ্রুপের পোশাক কারখানায় প্রতিদিন বিপুল পরিমাণ পোশাক উৎপাদিত হয়। সকাল ১১টার দিকে কারখানার প্রতিটি তলায় কর্মীদের ব্যস্ততা চোখে পড়ে। বড় কাটিং মেশিনে ডেনিম কাপড় কাটা থেকে শুরু করে সেলাই, ধোয়া, ইস্ত্রি, বোতাম ও চেইন লাগানো—সব কাজই চলে সমানতালে। এরপর গ্যাপ, আমেরিকান ঈগল ও জেসিপেনির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের লেবেল যুক্ত করে পোশাকগুলো প্যাকেটজাত করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, হা-মীম গ্রুপের প্রায় ৯০ হাজার কর্মীর শ্রমে প্রতি মাসে প্রায় ৯৩ লাখ পিস পোশাক তৈরি হয়।
তবে উৎপাদনের এই ব্যস্ততার মধ্যেই বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বাস্তবতা স্পষ্ট হয়ে ওঠে। হঠাৎ কারখানার বাতি দপদপ করে নিভে গেলে পুরো ফ্লোর অন্ধকার হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ব্রিটিশ প্রযুক্তির চারটি বড় ডিজেল জেনারেটর চালু হয়ে আবার বিদ্যুৎ সরবরাহ শুরু করে। গ্যাসের সরবরাহ কমে গেলে জেনারেটরগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হয়।
হা-মীম গ্রুপের বিদ্যুৎ, জ্বালানি ও পরিবেশগত স্থায়িত্ব বিভাগের প্রধান তনুল চক্রবর্তী বলেন, বাংলাদেশে গ্রিড বিদ্যুতের পরিস্থিতি খুবই খারাপ। ঘন ঘন লোডশেডিং হয়। গ্যাসের পর ডিজেলই সবচেয়ে নির্ভরযোগ্য জ্বালানি, আর গ্রিড বিদ্যুতের অবস্থান তৃতীয়। কার্যত দেশের পুরো অর্থনীতিই এখন ডিজেলের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
ভারতের পর দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে পরিচিত বাংলাদেশের জন্য এমন পরিস্থিতি উদ্বেগজনক। প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির আকার ৫১০ বিলিয়ন ডলার উল্লেখ করে বলা হয়, ইউক্রেন ও ইরান যুদ্ধ আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার দুর্বলতা আরও স্পষ্ট করে তুলেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে বাংলাদেশের শিল্প খাতে গ্যাসের দাম বেড়েছে প্রায় ১৫০ শতাংশ এবং ডিজেলের দাম বেড়েছে প্রায় ৭০ শতাংশ। অন্যদিকে ইরান যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক খোলাবাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম প্রায় তিন গুণ বেড়েছে।
পোশাকশিল্পে বাড়তি চাপ
বাংলাদেশের আনুষ্ঠানিক কর্মসংস্থানের অন্যতম বৃহৎ খাত তৈরি পোশাকশিল্প। এ খাতে সরাসরি প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। গত বছর এ শিল্প থেকে আয় হয়েছে ৩৮ দশমিক ৭ বিলিয়ন ডলার, যা দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি।
জ্বালানির মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ সরবরাহের অনিশ্চয়তা এ শিল্পের উৎপাদন ব্যয় বাড়িয়ে দিচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে উঠছে।
তবে সংকট শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়। টাইম-এর প্রতিবেদনে বলা হয়েছে, উন্নয়নশীল বিশ্বের বিভিন্ন দেশও দীর্ঘমেয়াদি জ্বালানি সংকটের মুখে রয়েছে। এর সবচেয়ে বড় প্রভাব পড়ছে নিম্ন আয়ের মানুষের ওপর।
উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করা তেলের ওপর ব্যাপক নির্ভরশীল ফিলিপাইনে জ্বালানি সাশ্রয়ে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সপ্তাহে চার দিন অফিস, সরকারি ভ্রমণে নিষেধাজ্ঞা এবং ফ্লাইট বাতিল। নাইজেরিয়ায় ডিজেলের দাম ৮৬ শতাংশ এবং তানজানিয়া ও ইথিওপিয়ায় ৫০ শতাংশের বেশি বেড়েছে। জ্বালানি ব্যয় বাড়ায় কৃষি, পণ্য পরিবহন ও জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের খরচও বেড়েছে। এর প্রভাব পড়েছে চাল ও ভুট্টার মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যের দামে।
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দরমিত গিল গত এপ্রিলে সতর্ক করে বলেন, যেসব দরিদ্র মানুষ আয়ের বড় অংশ খাবার ও জ্বালানির পেছনে ব্যয় করেন, তাঁরাই এ সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।
ঢাকায় লোডশেডিং, বিপাকে সাধারণ মানুষ
প্রতিবেদনে বলা হয়, প্রায় চার কোটি মানুষের শহর ঢাকায় রাত নামলেই বিদ্যুৎ সংকটের প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। জাতীয় গ্রিডে বিদ্যুতের ঘাটতি তিন হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাওয়ায় হাসপাতাল ও ফার্মেসির মতো জরুরি সেবা ছাড়া অন্যান্য স্থানে কঠোর লোডশেডিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সন্ধ্যার পর বাণিজ্যিক এলাকার আলোকিত বিলবোর্ড বন্ধ করে দেওয়া হচ্ছে। দোকানপাটও স্বাভাবিক সময়ের চেয়ে এক ঘণ্টা আগে বন্ধ হচ্ছে। গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও কঠিন; কোথাও কোথাও মানুষকে দিনে ১৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকতে হচ্ছে।
জ্বালানি সংকট সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলছে। গ্যাসের চাপ পাওয়ার আশায় অনেককে ভোর হওয়ার আগেই রান্নার প্রস্তুতি নিতে হচ্ছে। গরমের মধ্যে কতক্ষণ ফ্যান চালানো যাবে, কখন বিদ্যুৎ থাকবে কিংবা ফিলিং স্টেশনে জ্বালানির জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে—এসবই হয়ে উঠেছে নিত্যদিনের দুশ্চিন্তা।
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতার পাশাপাশি খাদ্যনিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। বৈশ্বিক পুষ্টি পর্যবেক্ষণ সংস্থাগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এক কোটি ৮১ লাখ মানুষ শিগগিরই খাদ্যনিরাপত্তাহীনতার ঝুঁকিতে পড়তে পারেন।
রাজনীতি ও ভূরাজনীতির জটিল সমীকরণ
জ্বালানির উচ্চমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে গত সেপ্টেম্বরে বিরোধী দলের হাজার হাজার সমর্থক প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ওপর চাপ সৃষ্টি করতে লং মার্চ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ইরান যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ আগে গত ফেব্রুয়ারিতে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যান বলেন, নতুন সরকারের জন্য জ্বালানি খাত সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। বিরোধী দলগুলোর আন্দোলনেরও অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে এটি।
প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকটের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনীতির সম্পর্কও তুলে ধরা হয়েছে। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েন বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে।
বাংলাদেশ তার মোট বিদ্যুতের প্রায় ছয় ভাগের এক ভাগ ভারত থেকে আমদানি করে। ফলে বিদ্যুৎ আমদানির ওপর নির্ভরতা কূটনৈতিক ও কৌশলগত ঝুঁকির বিষয় হয়ে উঠেছে বলে প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে।
রূপপুর প্রকল্প ও পরাশক্তির প্রতিযোগিতা
জ্বালানি খাতে বাংলাদেশের চ্যালেঞ্জের সঙ্গে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের স্বার্থও জড়িয়ে পড়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটমের মাধ্যমে রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বাংলাদেশ ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। প্রকল্পটির বড় অংশ রাশিয়ার ঋণনির্ভর।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে কেন্দ্রটি চালু হওয়ার কথা থাকলেও ইউক্রেন যুদ্ধের কারণে রুশ ব্যাংকগুলোর সঙ্গে আর্থিক লেনদেনের জটিলতা এবং আকাশ ও সমুদ্রপথে সরঞ্জাম পরিবহনে বিঘ্ন ঘটায় প্রকল্পের কাজ বারবার পিছিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রও বাংলাদেশের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে উদ্যোগ নিয়েছে। গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ছোট আকারের মডুলার পারমাণবিক চুল্লি বা স্মল মডুলার রিঅ্যাক্টর (এসএমআর) কেন্দ্রিক কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে চীনের সঙ্গেও বাংলাদেশের জ্বালানি সহযোগিতা বাড়ছে। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী হওয়ার পর গত জুনে তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যান। বেইজিং সফরে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন যুগের সূচনার কথা উল্লেখ করে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতার বিষয়ও রয়েছে।
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সূত্রের বরাত দিয়ে টাইম জানিয়েছে, এসব চুক্তির মধ্যে দুটি এমন প্রতিষ্ঠানের সঙ্গে হয়েছে, যাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। ঢাকা ও বেইজিংয়ের ঘনিষ্ঠতা ওয়াশিংটনে উদ্বেগ তৈরি করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সৌরবিদ্যুতে স্বনির্ভরতার চেষ্টা
বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা ও আমদানিনির্ভরতার ঝুঁকি কমাতে বাংলাদেশ এখন বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে। সরকার সম্প্রতি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এর আওতায় সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানির শুল্ক ১৭ শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হয়েছে। পাশাপাশি ব্যাটারি সংযুক্ত সৌরবিদ্যুৎ ব্যবস্থাকে উৎসাহিত করা হচ্ছে।
সরকারি হিসাব অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসে জাতীয় গ্রিডে প্রায় ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হয়েছে। তবে সরকারের পাঁচ বছর মেয়াদি লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে বর্তমান গতির তুলনায় ছয় গুণ বেশি হারে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে।
তবে বাসাবাড়ির জন্য ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যকর হলেও ২৪ ঘণ্টা চালু থাকা বড় শিল্পকারখানার জন্য এটি পুরোপুরি সমাধান নয়।
হা-মীম গ্রুপের কারখানার ছাদে ২৯ দশমিক ২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা হয়েছে, যা দেশের অন্যতম বৃহৎ বেসরকারি সৌরবিদ্যুৎ প্রকল্প। কিন্তু তনুল চক্রবর্তীর মতে, ২৪ ঘণ্টা উৎপাদন চালু রাখা কারখানায় এই বিদ্যুৎ দিনে সর্বোচ্চ চার ঘণ্টার মতো কাজে আসে।
তিনি জানান, গত তিন মাসে হা-মীম গ্রুপের দৈনিক জ্বালানি ব্যয় প্রায় দুই লাখ ডলার থেকে বেড়ে তিন লাখ ডলারে পৌঁছেছে। অথচ বিদেশি ক্রেতারা পোশাকের দাম বাড়াতে রাজি নন। ফলে ক্রয়াদেশ ভিয়েতনাম, কম্বোডিয়া বা পাকিস্তানের মতো প্রতিযোগী দেশে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে উৎপাদন দক্ষতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি।
অর্থনীতির বহুমুখীকরণও চ্যালেঞ্জের মুখে
বাংলাদেশের অর্থনীতিকে বহুমুখী করার পরিকল্পনাও জ্বালানি সংকটের কারণে বাধাগ্রস্ত হতে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তৈরি পোশাকশিল্পের পাশাপাশি ওষুধ ও চামড়াশিল্প সম্প্রসারণ এবং অটোমোবাইল, চিকিৎসা সরঞ্জাম ও সেমিকন্ডাক্টর শিল্পে প্রবেশের উচ্চাভিলাষী লক্ষ্য রয়েছে দেশের।
কিন্তু এসব শিল্পে বিনিয়োগ আকর্ষণ করতে হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা তীব্র হওয়ায় বিদ্যুৎ সংকটের মধ্যে উৎপাদন চালানো বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করতে পারে।
প্রতিবেদনের শেষাংশে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালী অবরোধের চেষ্টা করছে এবং সৌদি আরবের বিমানবন্দর, শহর ও তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে। এতে বিমান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
নারায়ণগঞ্জভিত্তিক ফতুল্লা অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামীম এহসান বলেন, প্রতিষ্ঠানটি দৈনিক প্রায় ২২ হাজার পিস পোশাক উৎপাদন করে। বর্তমান পরিস্থিতি সরকারের জন্য অত্যন্ত কঠিন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ না থাকলে পরিস্থিতি অনেক ভালো হতো বলেও মন্তব্য করেন তিনি।
সব মিলিয়ে, জ্বালানি সংকট এখন বাংলাদেশের জন্য কেবল বিদ্যুৎ সরবরাহের সমস্যা নয়; এটি শিল্প উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান, খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে দেশের তৈরি পোশাকশিল্পসহ সামগ্রিক অর্থনীতির ওপর এর চাপ আরও বাড়তে পারে।
টাইম ম্যাগাজিনের প্রতিবেদন অবলম্বনে অনূদিত ও সম্পাদিত।

































