নিরাপত্তার জন্য থানায় জিডি করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু

নিরাপত্তার জন্য থানায় জিডি করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৫০, ৮ ফেব্রুয়ারি ২০২৬

জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ফেনীর দাগনভুঞা থানায় মিন্টুর পক্ষে তার নির্বাচনি এজেন্ট মো. শামছুদ্দিন জিডি দাখিল করেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার সময় দাগনভুঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিকের নির্বাচনি প্রচারণাকালে জামায়াত নেতা মেজবাহ উদ্দিন ধানের শীষের প্রার্থী মিন্টুকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছেন। এছাড়া বিভিন্ন মাধ্যমে নিয়মিতভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। জিডিতে প্রার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য থানার প্রতি অনুরোধ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জামায়াত নেতা মেজবাহ উদ্দিন বলেন, নির্বাচনকালীন সময়ে তিনি রাজনৈতিক বক্তব্য প্রদান করেছেন এবং সেটিকে ব্যক্তিগতভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, তার বক্তব্যের ভিডিও অনলাইনে রয়েছে এবং জিডি করা হলে নির্বাচনি পরিবেশে সমতা নষ্টের চেষ্টা হচ্ছে।

দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জিডি বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement