নির্বাচনে জয়ী হলে ঢাকাকে নিরাপদ করা হবে, ঘোষণা তারেক রহমানের
Published : ১৭:৪৮, ৮ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে ঢাকাকে নিরাপদ শহরে রূপান্তর করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি নিজের নির্বাচনী এলাকার (ঢাকা-১৭) অন্তর্গত ইসিবি চত্বরে আয়োজিত নির্বাচনি পথসভায় এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তারেক রহমান বলেন, “আমি এই এলাকার সন্তান। শিশু বয়স থেকে এ এলাকায় বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানরা এ এলাকায় জন্মগ্রহণ করেছে। আমাদের বিয়েও এ এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
কাজেই এলাকার সন্তান হিসেবে মা-বোন, ভাইদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছি। ধানের শীষকে জয়যুক্ত করার জন্য মা-বোনসহ সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “এটি একটি নির্বাচনি পথসভা। মানুষের চলাচলের রাস্তা তাই বক্তব্য দীর্ঘ করবো না।”
বিএনপি চেয়ারম্যান বলেন, যদি ১২ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়, তবে ঢাকাকে এমন একটি নিরাপদ শহরে রূপান্তর করা হবে, যেখানে মা-বোনেরা যে কোনো সময় নিরাপদে চলাফেরা করতে পারবেন এবং সবাই স্বাচ্ছন্দ্যে ব্যবসা-বাণিজ্য করতে পারবেন।
তারেক রহমান আরও জানান, ঢাকা শহরে ৪০টি নতুন খেলার মাঠ তৈরি করা হবে। এছাড়া ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করার কাজ করা হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে আবারও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন বিএনপি চেয়ারম্যান।
বিডি/এএন





























