১২ ফেব্রুয়ারি ভোটে নির্ধারিত হবে দেশের আগামী পথ: এনসিপি মুখপাত্র

১২ ফেব্রুয়ারি ভোটে নির্ধারিত হবে দেশের আগামী পথ: এনসিপি মুখপাত্র ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৩৪, ৮ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়ায় শহীদ মোস্তফা খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত ২০ বছরে সংঘটিত অন্যায়, জুলুম, খুন ও গুমের ক্ষতিপূরণ এই ভোটই দিতে যাচ্ছে। তিনি স্মরণ করান, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪শ সহযোদ্ধা তাদের জীবন দিয়েছেন।

আসিফ মাহমুদ বলেন, যারা ভোট চুরি ও কেন্দ্র দখল করে ক্ষমতায় এসেছিল, তাদের পরিণতি আমরা দেখেছি। তাই যারা পুনরায় ভোটাধিকার হরণ ও কেন্দ্র দখলের চেষ্টা করছেন, তাদেরও একইভাবে প্রতিফলন ঘটবে।

তিনি ভোটারদের সতর্ক করেন, ভোটাধিকার রক্ষার জন্য এই নির্বাচনে ন্যায় ও ইনসাফের পক্ষে ব্যালটে সিল দিতে হবে, যা হল শাপলা কলি প্রতীক। এছাড়া তিনি একটি দলের প্রতিশ্রুতি বাস্তবায়নের অক্ষমতা তুলে ধরে বলেন, তারা সাধারণ মানুষের বাস্তব সমস্যার সঙ্গে সংযুক্ত নয় এবং ক্ষমতায় এলে জনগণের জন্য কোনো কার্যকর সহায়তা দিতে পারবে না।

সভায় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে এনসিপি মনোনীত প্রার্থী শামীম হামিদীসহ দল ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement