২০ রানের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু লঙ্কানদের

২০ রানের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু লঙ্কানদের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৩:৪৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার হতাশা কাটিয়ে বিশ্বকাপে ইতিবাচক সূচনা করল শ্রীলঙ্কা। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু করেছে লঙ্কানরা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ড ১৪৩ রানেই গুটিয়ে যায়, ফলে ২০ রানের জয় নিশ্চিত হয় সহ-আয়োজকদের।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার শুরুটা ছিল আশাব্যঞ্জক। ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মিশারার জুটিতে আসে ২৮ রান। এই জুটি ভাঙার পর কুশল মেন্ডিস ক্রিজে এলেও মাঝপথে দ্রুত তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় লঙ্কান শিবির। তবে ছয় নম্বরে নামা কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিসের কার্যকর জুটিতে আবার ঘুরে দাঁড়ায় দল।

কামিন্দু মাত্র ১৯ বলে করেন ঝোড়ো ৪৪ রান, আর কুশল মেন্ডিস খেলেন ৪৩ বলে ৫৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। তবে অধিনায়ক দাসুন শানাকা ব্যাট করতে নেমেই শূন্য রানে আউট হয়ে লজ্জার এক রেকর্ড গড়েন। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১২৫ ম্যাচে এটি তার ১৬তম ডাক, যা আগে রুয়ান্ডার জাপি বিমেনইয়ামানার সঙ্গে যৌথভাবে ছিল—এবার সেটি এককভাবে নিজের করে নিলেন শানাকা।

জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের হয়ে পল স্টার্লিং ও রস অ্যাডায়ার সতর্কভাবে শুরু করেন। ওপেনিং জুটিতে আসে ২৪ রান। পাওয়ারপ্লের পর অ্যাডায়ার ২৩ বলে ৩৪ রানের ঝকঝকে ইনিংস খেলে ফিরে যান।

এরপর হ্যারি টেক্টরের সঙ্গে লরকান টাকার গড়ে তোলেন ভালো একটি জুটি। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে আইরিশরা জয়ের স্বপ্ন দেখতে শুরু করে। তবে দলের ১০৫ রানে টাকার ১৮ বলে ২১ রান করে আউট হন। পরের ওভারেই ফেরেন টেক্টর—৩৪ বলে ৪০ রান করে সাজঘরে ফিরে যান তিনি। এই দুই সেট ব্যাটার আউট হওয়ার পরই ধসে পড়ে আয়ারল্যান্ডের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ১৪৩ রানেই অলআউট হয়ে যায় তারা।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে মাহিশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা নেন তিনটি করে উইকেট। মাথিশা পাথিরানা শিকার করেন দুটি, আর একটি করে উইকেট পান দুশমন্থ চামিরা ও দুনিথ ভেল্লালাগে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement