ধানের শীষের বিজয় হলে ঢাকাতে ৪০টি খেলার মাঠ হবে: তারেক রহমান

ধানের শীষের বিজয় হলে ঢাকাতে ৪০টি খেলার মাঠ হবে: তারেক রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪৭, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হলে রাজধানী ঢাকাজুড়ে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে—এমন ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান।

রোববার রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, এটি একটি চলমান রাস্তার ওপর আয়োজিত পথসভা হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে যেন ভোগান্তি না হয়, সে কারণে তিনি সংক্ষেপেই কথা বলবেন।

তিনি জানান, এই এলাকাতেই তার শৈশব-কৈশোর কেটেছে এবং পারিবারিক জীবনের বড় একটি অংশ এখানেই অতিবাহিত হয়েছে। তার সন্তানদের জন্ম এই এলাকায় হয়েছে, এমনকি তার ও তার ভাইয়ের বিয়েও এখানেই সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, আল্লাহর রহমত ও জনগণের দোয়ায় যদি ১২ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে শুধু ঢাকা-১৭ আসনে নয়, বরং পুরো ঢাকা শহরজুড়ে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে।

এতে করে শিশু-কিশোররা খোলা মাঠে খেলাধুলার সুযোগ পাবে এবং বয়স্ক মানুষ ও মা-বোনেরা প্রয়োজন অনুযায়ী সেখানে হাঁটাচলা করতে পারবেন।

তিনি আরও বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের আরেকটি দাবি হলো প্রধান সড়কটির প্রশস্তকরণ। বিএনপি সরকার গঠন করলে মানুষের স্বাচ্ছন্দ্যপূর্ণ বসবাস ও নির্বিঘ্ন চলাচলের কথা বিবেচনা করে ওই সড়কের সম্প্রসারণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

পথসভার শেষ পর্যায়ে এলাকাবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, আপনারা আপনাদের বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদের কাছে বিনীতভাবে অনুরোধ করবেন যেন ১২ তারিখে ধানের শীষের পক্ষে ভোট দেন।

তিনি নিজেকে এলাকার সন্তান উল্লেখ করে বলেন, ছোটবেলা থেকে এই এলাকাতেই বড় হয়েছেন এবং এই এলাকার মানুষের সেবা করার সুযোগ চান তিনি।

বক্তব্যের শেষে তিনি দেশবাসী ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, সুযোগ পেলে তিনি শুধু এই এলাকা নয়, বরং সমগ্র বাংলাদেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement