গাজীপুরে নির্বাচনী মাঠে তামিম ইকবাল, বিএনপি প্রার্থীর পাশে

গাজীপুরে নির্বাচনী মাঠে তামিম ইকবাল, বিএনপি প্রার্থীর পাশে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:১৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬

গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিমের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। এ সময় তিনি জেলার ক্রীড়াবিদদের সঙ্গে খেলাধুলার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর শহরের পিটিআই অডিটরিয়ামে আয়োজিত এই মতবিনিময় সভায় তামিম ইকবাল ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলার বর্তমান অবস্থা নিয়ে খেলোয়াড়দের মতামত শোনেন এবং সমস্যা ও সম্ভাবনার কথা জানতে চান।

সভায় উপস্থিত খেলোয়াড়রা মাঠের স্বল্পতা, পর্যাপ্ত খেলাধুলার পরিবেশের অভাব, শহীদ বরকত স্টেডিয়াম সংস্কার, টঙ্গী টেনিস স্টেডিয়াম সবার জন্য উন্মুক্ত করা, সাঁতার শেখার জন্য সুইমিং পুল নির্মাণ, পূর্ণাঙ্গ ক্রিকেট মাঠ ও ভলিবল মাঠ তৈরিসহ নানা দাবি তুলে ধরেন।

খেলোয়াড়দের এসব দাবির পরিপ্রেক্ষিতে তামিম ইকবাল স্কুল পর্যায়ে ক্রিকেট কার্যক্রম চালুর পরিকল্পনার কথা জানান। পাশাপাশি ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলার জন্য গাজীপুরে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সেমিনারে গাজীপুরের ক্রীড়াপ্রেমীরা ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার দুরবস্থার কথা তুলে ধরেন। কোথায় কী ধরনের সমস্যা রয়েছে, সে বিষয়েও আলোচনা করেন তারা। একই সঙ্গে খেলাধুলাকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, সে বিষয়ে প্রস্তাব দেন উপস্থিতরা। পরে এসব প্রশ্ন ও প্রস্তাবের জবাব দেন তামিম ইকবাল। এ সময় তিনি সমস্যাগুলোর সমাধানে ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল করিম রনিকে সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে এম মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুর ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই অবহেলিত। প্রতিভাবান খেলোয়াড় থাকা সত্ত্বেও অনেকেই জাতীয় দল বা ভালো লিগে খেলার সুযোগ পাচ্ছে না। এ কারণেই খেলোয়াড়দের সমস্যা শোনা ও দিকনির্দেশনা দেওয়ার জন্য তামিম ইকবালকে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, সুযোগ পেলে খোলা মাঠ তৈরি, স্কুলে স্কুলে ক্লাব গঠন এবং নিয়মিত লিগ খেলার ব্যবস্থা করবেন।

এ সময় তামিম ইকবাল বলেন, ২০১৩ সাল থেকে রনি ভাইয়ের সঙ্গে তার পরিচয়। তিনি একই সঙ্গে ভাই ও বন্ধু। জীবনের সুখ-দুঃখের অনেক মুহূর্তে একসঙ্গে ছিলেন তারা। তামিম বলেন, রনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ। একসময় ঢাকায় লিগ পরিচালনা করেছেন, যেখানে জাতীয় দলের অনেক খেলোয়াড় খেলেছেন। গাজীপুরের ক্রীড়াঙ্গনের দুরবস্থার কথা জানার পরই তিনি এখানে আসেন বলে জানান তামিম। খেলোয়াড়দের চাহিদা ও হতাশার কথা উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, এসব বিষয় রনি পূরণ করবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement