নতুন বাংলাদেশ গড়তে নারী নেতৃত্ব জরুরি: জাইমা রহমান
Published : ১৯:৪৬, ৮ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে তরুণদের মেধা ও শক্তিকে কাজে লাগানোর পাশাপাশি নীতি নির্ধারণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে ‘উইমেন ইন ডেমোক্রেসি’ আয়োজিত ‘গণতন্ত্রের সংগ্রামে নারী : অবদান, দায় ও দায়িত্ব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জাইমা রহমান বলেন, আমরা একটি ভিন্নধর্মী ও উন্নত বাংলাদেশ দেখতে চাই। সে লক্ষ্য অর্জনে মানুষের মানসিকতায় পরিবর্তন আনা জরুরি। দেশের কাঠামোগত উন্নয়নের পাশাপাশি চিন্তাধারার পরিবর্তন না এলে টেকসই অগ্রগতি সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
পলিসি মেকিংয়ে নারীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যন্ত একটি শক্তিশালী নেতৃত্বের পাইপলাইন তৈরি করতে হবে এবং সেটিকে ধরে রাখতে হবে।
তা না হলে ভবিষ্যতে যোগ্য ও দক্ষ নারী নেতৃত্ব তৈরি করা কঠিন হয়ে পড়বে। ফলে ভালো নেত্রীদের সামনে আনার সুযোগও সীমিত হয়ে যাবে। তাই নারী নেতৃত্বের ধারাবাহিকতা নিশ্চিত করার পাশাপাশি সেটিকে টিকিয়ে রাখার ব্যবস্থাও গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, নারীদের প্রতি বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য দূর করতে বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া জরুরি। নারীরা যদি প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ পায়, তাহলে রাজনীতিতে তাদের অংশগ্রহণের প্রতিবন্ধকতাগুলো অনেকটাই কমে আসবে।
জাইমা রহমান বলেন, সমাজে পুরুষদের জন্য নানা ধরনের সুযোগ থাকলেও নারীদের ক্ষেত্রে সেই সমর্থন অনেক সময় দেখা যায় না। তিনি উদাহরণ টেনে বলেন, তালগাছের ছায়ার মতো যদি কাউকে আশ্রয় ও দিকনির্দেশনা না দেওয়া হয়,
তাহলে একটি ছোট গাছ যেমন টিকে থাকতে পারে না, তেমনি নারীরাও প্রয়োজনীয় সহায়তা ছাড়া এগোতে পারে না। সব দায়িত্ব শুধু পুরুষদের নয়—নারীদের জন্যও সমান সুযোগ সৃষ্টি করতে হবে। তাহলেই একটি ভারসাম্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
বিডি/এএন





























