চেলসির জার্সিতে অনন্য কীর্তি, ৩ মৌসুমে ৪ হ্যাটট্রিক পালমারের
Published : ০৩:০৬, ৯ ফেব্রুয়ারি ২০২৬
চেলসিতে তৃতীয় মৌসুম পার করছেন ইংল্যান্ডের উদীয়মান তারকা কোল পালমার। এই অল্প সময়ের মধ্যেই চারটি হ্যাটট্রিক করে নিজের নাম তুলে ফেলেছেন ক্লাবের ইতিহাসের পাতায়। মাত্র ২৩ বছর বয়সেই এমন অসাধারণ কীর্তি গড়ে তিনি জায়গা করে নিয়েছেন রেকর্ড বইয়ে।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার (৭ ফেব্রুয়ারি) উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৩-১ গোলের জয় পায় চেলসি। সেই ম্যাচে দলের হয়ে তিনটি গোলই করেন পালমার। এই হ্যাটট্রিকের সুবাদে প্রিমিয়ার লিগে চেলসির জার্সিতে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করার একক রেকর্ড এখন তার দখলে। এর আগে জিমি ফ্লয়েড-হ্যাসেলব্যাঙ্ক, দিদিয়ের দ্রগবা ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড তিনটি করে হ্যাটট্রিক করেছিলেন।
শুধু সংখ্যার দিক থেকেই নয়, দ্রুততম হ্যাটট্রিকের ক্ষেত্রেও চেলসির হয়ে শীর্ষ তিনটি অবস্থান এখন পালমারের দখলে। এভারটনের বিপক্ষে মাত্র ২৯ মিনিটে এবং ব্রাইটনের বিপক্ষে ৩১ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করেন তিনি। সর্বশেষ উলভারহ্যাম্পটনের বিপক্ষে করা হ্যাটট্রিক এই তালিকাকে আরও সমৃদ্ধ করেছে।
এই কীর্তির মাধ্যমে তিনি চেলসির গণ্ডি ছাড়িয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসেও অনন্য হয়ে উঠেছেন। প্রথমার্ধেই তিনটি হ্যাটট্রিক করা একমাত্র ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পালমার।
এ ছাড়া হ্যাটট্রিকের ম্যাচেই চেলসির হয়ে নিজের ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি, যা তাকে ক্লাব ইতিহাসের ৩১তম খেলোয়াড় হিসেবে এই অর্জনের তালিকায় যুক্ত করেছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চেলসি কোচ লিয়াম রোজেনিওর পালমারের প্রশংসা করে বলেন, “যখন সে পুরোপুরি ফর্মে থাকে এবং আত্মবিশ্বাসী অনুভব করে, তখন সে সত্যিই একজন অসাধারণ ফুটবলার হয়ে ওঠে।”
বিডি/এএন
































