বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
Published : ২০:১৫, ২০ নভেম্বর ২০২৬
রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা ও পৌরসভার সাবেক মেয়র আল মামুন খানের শ্বশুরবাড়ি থেকে হাবিবুর রহমান নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার কাঠালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (২০ নভেম্বর) পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গ্রেপ্তার হাবিবুর রহমান নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তাঁর বিরুদ্ধে নাটোর সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান বিএনপি নেতা আল মামুন খানের শ্বশুর আব্দুর রশিদের বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাঁকে আটক করেন। এ সময় উত্তেজিত কয়েকজন তাঁকে মারধর করেন।
খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তাঁকে পুঠিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরবর্তী সময়ে তাঁকে নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা রয়েছে। এ কারণে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।































