এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন, তদন্ত ও গ্রেপ্তারের দাবি
Published : ১৮:২৯, ১৯ নভেম্বর ২০২৬
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে পার্ক করা গাড়িটিতে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, মুখোশ পরিহিত কয়েকজন ব্যক্তি অটোরিকশায় করে এসে পার্ক করা গাড়িটিতে বোতলে থাকা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলতে শুরু করলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত আগুন নেভানোর উদ্যোগ নেন। তবে এর আগেই গাড়িটির একাংশ পুড়ে যায়।
এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে এ ধরনের অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। এ ধরনের হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এবি পার্টিকে দমিয়ে রাখা যাবে না।
বিবৃতিতে নেতারা আরও অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দলের চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। আগুন-সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার চেষ্টা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তারা।
দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এবি পার্টির নেতারা।
একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান তারা।
































