১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে স্পষ্ট বার্তা নেই ভারতের

১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে স্পষ্ট বার্তা নেই ভারতের রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:০৩, ২১ নভেম্বর ২০২৬

আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তবে চুক্তির নবায়ন নিয়ে এখনো কোনো আশাব্যঞ্জক ইঙ্গিত বা সুস্পষ্ট অবস্থান জানায়নি ভারত। শুক্রবার (২০ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এ বিষয়ে একাধিক প্রশ্ন করা হলেও আলোচনার অগ্রগতি কিংবা উচ্চপর্যায়ের কোনো উদ্যোগ সম্পর্কে নতুন তথ্য দেননি তিনি।

বরং আগের ব্রিফিংগুলোতে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতা বজায় রেখেছেন জয়সওয়াল। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য এবং মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের মতো স্পর্শকাতর বিষয়েও পুরোনো অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসা এবং এর নবায়নের বিরোধিতায় বিভিন্ন মহলের অবস্থানের মধ্যে দুই দেশের আলোচনায় কোনো অগ্রগতি হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, গঙ্গাসহ অভিন্ন নদী ও পানিসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন (জেআরসি) একটি প্রতিষ্ঠিত কাঠামো হিসেবে রয়েছে।

তিনি আরও বলেন, ভারতের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে ঢাকায় ভারতীয় কর্মকর্তাদের উপস্থিতি এবং সম্ভাব্য যৌথ নদী কমিশনের বৈঠক নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকেরা। ওই বৈঠক থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, নাকি আলোচনা কেবল কারিগরি পর্যায়েই সীমাবদ্ধ থাকবে—এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বৈঠকটি কারিগরি পর্যায়ের কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তাঁর কাছে নতুন কোনো তথ্য নেই। তবে খোঁজ নিয়ে পরবর্তী সময়ে এ বিষয়ে জানাতে পারবেন বলে উল্লেখ করেন তিনি।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন নিয়ে ভারতের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা না আসায় দুই দেশের পানি বণ্টন আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

শেয়ার করুনঃ
Advertisement