আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে শেরপুরে রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মী
Published : ১৮:৪৬, ১৯ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও সহিংসতা ঠেকাতে শেরপুরের বিভিন্ন এলাকায় রাতভর পাহারা দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) রাত থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে সতর্ক পাহারা দেন দলটির নেতাকর্মীরা।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে শেরপুর জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে যুবদল। একই কর্মসূচি পালন করে শ্রীবরদী ও নকলা উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়া ঝিনাইগাতী উপজেলা বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে উপজেলা সদরে রাতব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়। অন্যদিকে নালিতাবাড়ী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনেও অবস্থান নেন দলটির নেতাকর্মীরা।
এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে তারা মাঠে রয়েছেন। তাদের মাঠে নামার কোনো সুযোগ দেওয়া হবে না।
নালিতাবাড়ী উপজেলা বিএনপি নেতা ও সাবেক মেয়র আনোয়ার হোসেন ভিপি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির কারণে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে জন্য তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন বলেন, জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন হাটবাজার এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে রাতভর পাহারা দিয়েছেন নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।
































