কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীসহ আটক ২১১
Published : ১৯:৪৮, ১৯ নভেম্বর ২০২৬
নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ২১১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৬১ জন নেতাকর্মী রয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) রাতসহ গত ২৪ ঘণ্টায় জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
































