পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির ভেতরে আগুন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ
Published : ১৫:১১, ২০ নভেম্বর ২০২৬
সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গলির প্রধান ফটকের ভেতরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, দাড়িয়াপাড়া এলাকার ওই গলিতে তিন থেকে চারটি বাসা রয়েছে। এর মধ্যে একটি বাসা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের। বৃহস্পতিবার রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে দুর্বৃত্তরা গলির প্রধান ফটকের ভেতরে পলিথিনজাতীয় কোনো বস্তুতে আগুন ধরিয়ে দেয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গলির মূল ফটকের ভেতরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এটি কোনো পেট্রলবোমা ছিল না; পলিথিনসদৃশ কোনো বস্তুতে আগুন দেওয়া হয়েছিল।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।
এদিকে, অগ্নিকাণ্ডের বিষয়ে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে যোগাযোগ করা হলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সিলেটে কোনো অগ্নিকাণ্ডের খবর তাদের কাছে আসেনি।
ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। পাশাপাশি এলাকার নিরাপত্তা পরিস্থিতিও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।



























