দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয়: রিজভী

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয়: রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৩৭, ২১ নভেম্বর ২০২৬

দেশে ও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তন (বিডি হল) আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি এ সভার আয়োজন করে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী বলেন, গণতন্ত্রবিরোধী ওই ব্যক্তি ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে আগুন-সন্ত্রাসে মদদ দিচ্ছেন। তাদের অবৈধ অর্থের অভাব নেই। টাকা পাচারের পরও দেশের ভেতরে বিপুল অর্থ রয়েছে। সেই অর্থ ব্যবহার করে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সন্ত্রাসীদের দিয়ে বাড়িঘরে আগুন দিচ্ছে।

তিনি বলেন, শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িতেই নয়, গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া অন্যান্য দলের নেতাদের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হচ্ছে। এসব কর্মকাণ্ডে প্রতিবেশী দেশ থেকে মদদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী আরও অভিযোগ করেন, শেখ হাসিনা আন্দোলন বেগবান করতে দলের নেতাকর্মীদের লাশ দেখতে চান। তাঁর ভাষ্য, দেশে ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি এখনো সক্রিয় রয়েছে। এমনকি পুলিশ প্রশাসনের ভেতরেও তারা ঘাপটি মেরে অবস্থান করছে।

তিনি বলেন, এসব শক্তি সক্রিয় থাকার কারণেই বিএনপি ক্ষমতায় থাকা সত্ত্বেও গত তিন দিনে দলের তিন নেতাকে হত্যার শিকার হতে হয়েছে।

যশোর জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা, যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতারা।

 
শেয়ার করুনঃ
Advertisement