রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং করে রাখা ভূঁইয়া পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সকাল ১০টা ১২ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়। বাসটিতে তখন কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতিও এড়ানো গেছে।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলম বলেন, বাসটি পার্কিং অবস্থায় ছিল। চালক ও হেল্পার ইঞ্জিন চালু রেখেই নিচে চা পান করতে নেমেছিলেন। ওই সময় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বাসে আগুন ধরে যায়।


































