নব্বইয়ের দশকের গানে মুখর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট
Published : ১৩:১৩, ১৪ নভেম্বর ২০২৬
নব্বইয়ের দশকের জনপ্রিয় হিন্দি গানের সুর, মোগলাই খাবারের ঐতিহ্যবাহী স্বাদ আর রাজকীয় পরিবেশ—এই তিনের সমন্বয়ে স্মৃতিমাখা এক সন্ধ্যা কাটালেন রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের অতিথিরা। গান ও খাবারের ব্যতিক্রমী আয়োজন নিয়ে সেখানে অনুষ্ঠিত হয়েছে ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’-এর বিশেষ পর্ব ‘এডিশন: ৯০স হিন্দি সংস’।
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ৩০০ ফুট সড়কের পাশে অবস্থিত রেস্টুরেন্টটিতে গতকাল সন্ধ্যা থেকে শুরু হয় এ আয়োজন। বাইরে নগরীর চিরচেনা ব্যস্ততা থাকলেও ভেতরে ছিল ভিন্ন আবহ। মৃদু আলোকসজ্জা, ঐতিহ্যবাহী অভ্যন্তরীণ সাজসজ্জা, মোগলাই খাবারের সুবাস আর পরিচিত হিন্দি গানের সুর মিলিয়ে অতিথিদের জন্য তৈরি করা হয় নস্টালজিয়ায় ভরা পরিবেশ।
সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত চলা সংগীতসন্ধ্যায় নব্বইয়ের দশকের জনপ্রিয় ও কালজয়ী হিন্দি গান পরিবেশন করেন সংগীতশিল্পী সিদ্দিকী লোনিক ও পান্না। পরিচিত গানের সুর ভেসে আসতেই অনেক অতিথিকে শিল্পীদের সঙ্গে কণ্ঠ মেলাতে দেখা যায়। কেউ গুনগুন করে গানের সঙ্গে তাল মেলান, আবার কেউ উপভোগ করেন গান ও খাবারের আড্ডা। একপর্যায়ে রেস্টুরেন্টের খাবারের টেবিলগুলোও হয়ে ওঠে সংগীতের মিলনস্থল।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টের মোগলাই খাবারের পরিবেশনা। পুরোনো রেসিপি ও প্রচলিত রন্ধনশৈলী অনুসরণে তৈরি বিভিন্ন পদের মাধ্যমে অতিথিদের সামনে তুলে ধরা হয় উপমহাদেশের সমৃদ্ধ খাদ্যঐতিহ্য। খাবারের স্বাদ ও পরিবেশনের ধরন পুরো সন্ধ্যায় যোগ করে ভিন্ন মাত্রা।
মোগল পোশাকে পরিবেশনকর্মীদের উপস্থিতি এবং রেস্টুরেন্টের ঐতিহ্যবাহী সাজসজ্জা অতিথিদের দেয় রাজকীয় ভোজের অনুভূতি। সংগীত, খাবার ও নান্দনিক পরিবেশের সমন্বয়ে আয়োজনটি হয়ে ওঠে সাধারণ ডিনারের চেয়ে অনেক বেশি কিছু—একটি স্মৃতিময় সাংস্কৃতিক সন্ধ্যা।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’-এর প্রতিটি পর্বে থাকছে সংগীতের আলাদা ধারা। প্রতি শুক্রবার ভিন্ন ভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে দর্শক-শ্রোতাদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
সূচি অনুযায়ী, আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে নজরুলগীতির আসর। ২৭ নভেম্বর থাকছে কালজয়ী বাংলা গান। এরপর ৪ ডিসেম্বর পিয়ানো ও ভোকাল, ১১ ডিসেম্বর শাস্ত্রীয় যন্ত্রসংগীত এবং ১৮ ডিসেম্বর পরিবেশিত হবে লোকসংগীত।
আয়োজকদের প্রত্যাশা, সংগীতের বৈচিত্র্যময় এ ধারাবাহিক আয়োজন নগরবাসীর ব্যস্ত জীবনে বিনোদন, সংস্কৃতি ও ঐতিহ্যের এক নতুন অভিজ্ঞতা যোগ করবে। নব্বইয়ের দশকের হিন্দি গানের স্মৃতিমেদুর পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া এ আয়োজনের পরবর্তী পর্বগুলোতেও সংগীতপ্রেমীদের জন্য অপেক্ষা করছে ভিন্ন স্বাদের সুরের সন্ধ্যা।

































