বিনামূল্যে এআই প্রশিক্ষণ, প্রতিদিন মিলবে ২০০ টাকা!

বিনামূল্যে এআই প্রশিক্ষণ, প্রতিদিন মিলবে ২০০ টাকা! সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:২৯, ১৪ নভেম্বর ২০২৬

দেশের ৬৪ জেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা যাতায়াত ভাতার পাশাপাশি খাবারের সুবিধাও পাবেন। তৃতীয় ব্যাচে ভর্তির আবেদন গ্রহণ চলছে, যার শেষ সময় ২৪ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।

যুব উন্নয়ন অধিদপ্তরের সাম্প্রতিক ভর্তি বিজ্ঞপ্তিতে এআইভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচে ভর্তির জন্য আগ্রহীদের আবেদন করতে বলা হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে www.dydaiproject.com/apply ওয়েবসাইটের মাধ্যমে।

আবেদন সফলভাবে জমা দেওয়ার পর আবেদনকারীদের সেটির একটি কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। যাচাই-বাছাইয়ে বৈধ হিসেবে বিবেচিত আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের সময় এসএমএসে দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। নির্ধারিত সময় শেষ হলে আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ২৮ নভেম্বর লিখিত এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএসের মাধ্যমে জানানো হবে। সব প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা ৩০ নভেম্বর প্রকাশ করা হবে এবং প্রার্থীদের মোবাইল ফোনে তা জানিয়ে দেওয়া হবে।

নির্বাচিতদের প্রশিক্ষণ শুরু হবে ১ ডিসেম্বর ২০২৬। চলবে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। ৫০ দিনের এ কর্মসূচিতে মোট ৩০০ ঘণ্টার ক্লাস অনুষ্ঠিত হবে। প্রতিদিন প্রশিক্ষণের জন্য নির্ধারিত সময় ছয় ঘণ্টা।

অধিদপ্তর জানিয়েছে, সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে প্রশিক্ষণার্থী নির্বাচন করবে। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষতা রয়েছে—এমন আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন।

আবেদনের অন্যতম যোগ্যতা হিসেবে প্রার্থীকে অন্তত এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

প্রশিক্ষণের জন্য কোনো ফি দিতে হবে না। বরং অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা পাবেন। প্রশিক্ষণ চলাকালে খাবারের ব্যবস্থাও থাকবে। কোর্স সফলভাবে সম্পন্ন করে উত্তীর্ণ হলে প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হবে।

ভর্তি, আবেদনপ্রক্রিয়া ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement