খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বিজনেস ডেইলি গ্রাফিক্স

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:২৩, ১১ নভেম্বর ২০২৬

রাজধানীর খিলক্ষেতে তেলবাহী ট্রাকের চাপায় তাউসিফ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে খিলক্ষেত পুলিশ বক্সের কাছে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তাউসিফ ময়মনসিংহ সদর উপজেলার কাচিঝুলি গ্রামের বাসিন্দা কামরুল ইসলামের ছেলে।

দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিলেন রাইড শেয়ারার সেলিম। তার ভাষ্য অনুযায়ী, বিমানবন্দর এলাকা থেকে মোতালেব প্লাজায় যাওয়ার জন্য যাত্রী হিসেবে মোটরসাইকেলে উঠেছিলেন তাউসিফ। সকাল আনুমানিক ১০টার দিকে খিলক্ষেত পুলিশ বক্সের পাশে পৌঁছালে এশিয়া পাম্পের একটি তেলবাহী ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

সেলিম জানান, ট্রাকের আঘাতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে বাম পাশে পড়ে যান এবং সামান্য আহত হন। অন্যদিকে, পেছনে বসা তাউসিফ ডান দিকে ছিটকে পড়লে ট্রাকের চাকা তার পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় সেলিমের ডান হাত ও পেটের এক পাশের চামড়া উঠে যায়।

পরে স্থানীয় পথচারীরা দুজনকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাউসিফের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের জরুরি বিভাগে পরীক্ষা শেষে দুপুরের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে তাউসিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement