মাহদীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, শর্টসার্কিট বলছে পুলিশ

মাহদীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, শর্টসার্কিট বলছে পুলিশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৩১, ১৪ নভেম্বর ২০২৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব মাহদি হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পায়নি বলে জানিয়েছে পুলিশ। তাদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে এ ঘটনা ঘটে।

মধ্যরাতে ফেসবুক লাইভে এসে মাহদি হাসান অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাঁদের বসতঘরের টিনের চাল লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ ছাড়া তাঁর ছোট চাচা আনোয়ার আলীর ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরেকটি পেট্রোল বোমা ছোড়া হয়। এতে মিটারটি পুড়ে যায়।

মাহদি হাসান জানান, রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এ সময় হঠাৎ বসতঘরের টিনের চালের ওপর পরপর দুটি বিকট শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর ছোট চাচার ঘরের বৈদ্যুতিক মিটারে আগুন জ্বলতে দেখেন। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘর থেকে বের হয়ে মিটারটি পুড়ে যেতে দেখেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, মাহদীর বাড়ির সামনের দিকে তাঁর চাচার ঘরের বৈদ্যুতিক মিটার থেকে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়া হয়। ওই মিটারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement