বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুর, মহাসড়ক অবরোধ!
Published : ১১:১৫, ১৪ নভেম্বর ২০২৬
বেতন বৃদ্ধির দাবিতে আবারও শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে গাজীপুরের কালিয়াকৈরে। শনিবার (১৪ নভেম্বর) সকালে পল্লীবিদ্যুৎ এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, সকালে পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা কর্মস্থলে উপস্থিত হলেও বেতন বাড়ানোর দাবিতে কাজে অংশ নেননি। তারা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন।
পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা মহাসড়কে নেমে অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে পল্লীবিদ্যুৎ ও আশপাশের কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে শিল্প পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানিয়েছেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

































