মর্মান্তিক এই ঘটনায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি মাছের খামার থেকে উদ্ধার হয়েছে এক শিশুর নিথর দেহ। নিহত শিশুর নাম আবদুল্লাহ হেল ফুয়াদ (৯)। জেলেরা খামারে মাছ ধরার জন্য জাল ফেলতেই তাতে উঠে আসে শিশুটির মরদেহ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, ফুয়াদ ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিনের ছোট ভাই হুমায়ুন কবিরের একমাত্র ছেলে। পড়াশোনার সুবাদে সে পরিবারসহ ময়মনসিংহ শহরে বসবাস করত।
দুই দিন আগে সে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। সোমবার সকাল থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এরই মধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের মাছের খামারে জেলেরা জাল ফেললে তাতে ভেসে ওঠে শিশুটির মরদেহ।
পরবর্তীতে বেলা ১টা ১০ মিনিটে তাকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। অথচ একই দিন বিকেলে পরিবারের সঙ্গে ময়মনসিংহ শহরে ফেরার কথা ছিল তার। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবার এখন শোকে পাগলপ্রায়।
নিহত শিশুর চাচা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, দুই দিন আগে পুরো পরিবার ময়মনসিংহ থেকে গ্রামে এসেছিল। আজই তাদের ফিরে যাওয়ার কথা ছিল। ধারণা করা হচ্ছে, খেলতে খেলতে কোনো এক সময় ফুয়াদ পানিতে পড়ে তলিয়ে যায়।
ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হোসাইন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলেই মনে হচ্ছে।
এদিকে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


































