তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪২, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

সারাদেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আপাতত দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং দিনের বেলায় তাপমাত্রা বাড়ার ফলে গরমের অনুভূতি বৃদ্ধি পেতে পারে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংস্থাটির আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য তুলে ধরা হয়।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি এখন গুরুত্ব হারিয়েছে।

বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, ফলে ভোরের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকতে পারে। অন্যদিকে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, যার ফলে দুপুরে তুলনামূলক বেশি গরম অনুভূত হতে পারে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারাদেশে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (০১ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই প্রবণতা বজায় থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এছাড়া সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়তে পারে। ফলে শীতের তীব্রতা কমে গিয়ে ধীরে ধীরে উষ্ণ আবহাওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement