আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আগামী মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
শোনা যাচ্ছিল, এই ম্যাচ দুটিতে দীর্ঘদিন পর জাতীয় দলে দেখা যেতে পারে নেইমার জুনিয়রকে। তবে সর্বশেষ খবর অনুযায়ী, এই দুই ম্যাচের পরিকল্পনায়ও জায়গা হয়নি ব্রাজিলিয়ান এই সুপারস্টারের।
সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করেছে ইএসপিএন ব্রাজিল। সেখানে বলা হয়েছে, কোচ কার্লো আনচেলত্তির বর্তমান পরিকল্পনায় এখনও জায়গা করে নিতে পারেননি নেইমার।
নোভোরিজোনিতোর বিপক্ষে সান্তোসের হতাশাজনক পরাজয় এবং চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নেওয়ার বিষয়টি তার জাতীয় দলে ফেরার সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলেছে। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়, আনচেলত্তির প্রাথমিক ভাবনাতেই নাকি ছিলেন না এই তারকা ফরোয়ার্ড।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)-এর কর্মকর্তারা নেইমারের শারীরিক অবস্থা ও মাঠে ফেরার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তবুও চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে শেষ দিকের ম্যাচগুলোতে তাকে অন্তর্ভুক্ত করার কোনো পরিকল্পনা আগে থেকে ছিল না বলেই জানা গেছে।
প্রত্যাশা ছিল, ফেব্রুয়ারি মাসে ধীরে ধীরে মাঠে ফিরে চোট কাটিয়ে ছন্দে ফিরবেন নেইমার এবং সান্তোসের হয়ে খেলতে খেলতে নিজেকে পুরোপুরি প্রস্তুত করবেন। এরপর তার জাতীয় দলে প্রত্যাবর্তনের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
আনচেলত্তির কোচিং স্টাফের মূল্যায়ন অনুযায়ী, জাতীয় দলে নেইমারের মানিয়ে নেওয়া নিয়ে কোনো সংশয় নেই। পরিকল্পনাও মূলত অপরিবর্তিত রয়েছে। মে মাসে তার শারীরিক সক্ষমতা আবারও মূল্যায়ন করা হবে, তিনি ব্রাজিলের চাহিদা অনুযায়ী বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ফিট আছেন কি না তা যাচাই করা হবে।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি বরাবরই নেইমারের জাতীয় দলে ফেরার সম্ভাবনার কথা উন্মুক্ত রেখেছেন। তবে এক্ষেত্রে শর্ত স্পষ্ট—সান্তোস-এর এই তারকাকে শারীরিকভাবে এমন পর্যায়ে পৌঁছাতে হবে, যাতে তিনি জাতীয় দলের একজন খেলোয়াড় হিসেবে প্রত্যাশিত মান পূরণ করতে পারেন।































