মেক্সিকোর সহিংসতা ও বিশ্বকাপ নিয়ে ফিফার বার্তা

মেক্সিকোর সহিংসতা ও বিশ্বকাপ নিয়ে ফিফার বার্তা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

কয়েকদিন আগে সেনাবাহিনীর অভিযানে মাদক চক্রের শীর্ষ নেতা নেমেসিও ওসেগুয়েরা কারভান্টেস, যিনি ‘এল মেনচো’ নামে পরিচিত, নিহত হওয়ার পর কার্টেল সদস্যরা বিভিন্ন স্থানে তাণ্ডব চালায়।

এর প্রভাব পড়ে মেক্সিকো বিশ্বকাপের অন্যতম স্বাগতিক শহর গুয়াডালাজারাতেও। তবে এই সহিংস পরিস্থিতি আসন্ন বিশ্বকাপ আয়োজনকে প্রভাবিত করবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, তিনি অত্যন্ত আশাবাদী এবং সবকিছু ঠিকঠাক আছে বলেই বিশ্বাস করেন। তার মতে, এটি একটি চমৎকার ও স্মরণীয় আসর হতে যাচ্ছে।

এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম বিশ্বকাপ দর্শকদের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কার কারণ নেই বলে আশ্বস্ত করেন। তিনি জানান, আন্তর্জাতিক এই আসরকে সামনে রেখে দর্শক ও অংশগ্রহণকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

শক্তিশালী জালিসকো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর নেতা নিহত হওয়ার পর দেশজুড়ে, বিশেষ করে গুয়াডালাজারায় সহিংসতা ছড়িয়ে পড়ে। শহরের উপকণ্ঠে একটি খামারে তাকে ধরতে পরিচালিত অভিযানে এবং পরবর্তী সংঘর্ষে অন্তত ৭৪ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

কার্টেলের সশস্ত্র সদস্যরা দেশের ৩২টি অঙ্গরাজ্যের মধ্যে প্রায় ২০টিতে সড়ক অবরোধ সৃষ্টি করে এবং বিভিন্ন যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। বিশ্বকাপ শুরুর চার মাসেরও কম সময় আগে ঘটে যাওয়া এই সহিংসতার চিত্র আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। এ বিষয়ে সোমবার আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানায় ফিফা।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপের তিন আয়োজক দেশের একটি হলো মেক্সিকো। অন্য দুটি আয়োজক দেশ হলো যুক্তরাষ্ট্র এবং কানাডা।

জালিস্কো অঙ্গরাজ্যের রাজধানী গুয়াডালাজারায় গ্রুপ পর্বে চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রথম রাউন্ডের বহুল আলোচিত উরুগুয়ে বনাম স্পেন ম্যাচও অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া গুয়াডালাজারা ও মন্টেরে শহরে যৌথভাবে মার্চের শেষ দিকে বিশ্বকাপের প্লে-অফ পর্ব আয়োজন করা হবে। এই পর্ব থেকেই নির্ধারিত হবে বিশ্বকাপে অংশ নেওয়া শেষ দুটি দলের যোগ্যতা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement