ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের অঞ্চল

ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের অঞ্চল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:২৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আবারও একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। ভূমিকম্পটির মূল উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে, তবে এর কম্পন অনুভূত হয়েছে বান্দরবানসহ বাংলাদেশের সীমান্তবর্তী বেশ কয়েকটি জেলায়। এমনকি রাজধানী ঢাকাতেও অনেকে ভূকম্পন টের পেয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫২ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২, যা মাঝারি ধরনের কম্পন হিসেবে বিবেচিত।

ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট VolcanoDiscovery-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০১ কিলোমিটার।

অন্যদিকে EMSC ওয়েবসাইট জানায়, ভূমিকম্পটির অবস্থান ছিল ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠের প্রায় ১০১ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর থেকে আনুমানিক ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া বিভিন্ন তথ্য থেকে জানা যায়, রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্তের মানুষ এই ভূমিকম্প অনুভব করেছেন। সীমান্তবর্তী অঞ্চলগুলোর মধ্যে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার ও টেকনাফের বাসিন্দারা কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন।

ঢাকা ও আশপাশের এলাকাতেও ভূকম্পন অনুভূত হয়েছে। বিশেষ করে গাজীপুর ও টঙ্গীর অনেক বাসিন্দা কম্পনের কথা জানিয়েছেন। এছাড়া সিলেট, ময়মনসিংহ এমনকি লালমনিরহাট থেকেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement