নড়াইলে শপিংব্যাগে মিলল নবজাতকের মরদেহ

নড়াইলে শপিংব্যাগে মিলল নবজাতকের মরদেহ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:২৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

নড়াইল শহরের বাইপাস সড়কের মালিবাগ মোড় এলাকায় একটি ইটভাটার পাশ থেকে শপিংব্যাগে রাখা এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল জেলা শহর থেকে মালিবাগ বাসস্ট্যান্ডে যাওয়ার সংযোগ সড়কের পাশে ইটভাটার নিকটবর্তী স্থানে একটি শপিংব্যাগের ভেতরে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা শিশুটির মরদেহ ফেলে রেখে যায়। ঠিক কখন মরদেহটি সেখানে রাখা হয়েছে, সে বিষয়ে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি।

বুধবার দুপুরে কয়েকটি কুকুর ব্যাগটি টানাহেঁচড়া করতে শুরু করলে স্থানীয়দের নজরে বিষয়টি আসে। পরে তারা কাছে গিয়ে ব্যাগের ভেতরে কাপড়ে মোড়ানো শিশুটির মরদেহ দেখতে পান এবং বিষয়টি পুলিশকে জানান।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটির বয়স প্রায় ছয় মাস হতে পারে। ঘটনার সঠিক কারণ জানতে এবং মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement