এসএসসি প্রশ্নপত্র নিয়ে শিক্ষামন্ত্রীর বিশেষ বার্তা

এসএসসি প্রশ্নপত্র নিয়ে শিক্ষামন্ত্রীর বিশেষ বার্তা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৫২, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, প্রশ্নপত্রে কোনো ধরনের ভুলভ্রান্তি রয়ে গেছে কি না, তা এ মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, এখন আর নতুন করে প্রশ্নপত্র তৈরির সুযোগও নেই।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আয়োজিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।

এসএসসি পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী জানান, প্রশ্নপত্র প্রস্তুতের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এতে কোনো ত্রুটি আছে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে বর্তমান পরিস্থিতিতে নতুন করে প্রশ্ন তৈরি করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এখন মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য হচ্ছে পরীক্ষা কীভাবে সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়, তা নিশ্চিত করা। এ জন্য প্রয়োজনীয় আইনগত কাঠামো ও বিধিবিধানও পর্যালোচনা করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা না ঘটে।

পরীক্ষা পদ্ধতি বা অন্যান্য বিষয়ে শিক্ষকদের উদ্বেগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিক্ষকদের যেসব দাবি বা উদ্বেগ রয়েছে, সেগুলো নিয়ে পরবর্তী সময়ে আলোচনা করা হবে এবং যৌক্তিক সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, আমরা সদ্য দায়িত্ব গ্রহণ করেছি। পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের গঠনমূলক মতামতকে স্বাগত জানিয়ে আ ন ম এহছানুল হক মিলন বলেন, যারা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত, তারা যেকোনো সময় পরামর্শ দিতে পারেন। মন্ত্রণালয় সেসব মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

উল্লেখ্য, সম্প্রতি চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী ২১ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন প্রশাসনের অধীনে এটিই প্রথম বড় পাবলিক পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজন ও সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলেও অনুষ্ঠানে জানানো হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement