ফুটবল বিশ্বকাপের সূচনার মাত্র চার মাসেরও কম সময় বাকি থাকায় উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। কাতারে শিরোপা জয়ী বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও ট্রফি ধরে রাখার লক্ষ্য নিয়ে প্রস্তুতি চালাচ্ছে।
তবে শেষ মুহূর্তের প্রস্তুতির সময়ে জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি এক সম্ভাব্য প্রতিপক্ষকে নিয়েও নিজের চিন্তা প্রকাশ করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বিশ্বকাপে মেক্সিকোর সঙ্গে মুখোমুখি হতে চাইছেন না।
৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা জাতীয় দলের সাবেক সতীর্থ ও বর্তমানে মেক্সিকান ক্লাব টিগ্রেস-এর গোলরক্ষক নাহুয়েল গুজম্যানের সঙ্গে ‘মিরো দে আত্রাস’ পডকাস্টে আলাপচারিতায় খোলামেলা আলোচনা করেন।
মেসি ২০২২ সালের কাতার ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়কে স্মরণ করেন। তিনি বলেন, সেই ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হারে আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হতো।
মেসি আরও উল্লেখ করেন, বিশ্বকাপ বা বড় টুর্নামেন্টে প্রায়ই ‘ডু অর ডাই’ ম্যাচের মুখোমুখি হতে হয়। তিনি স্বীকার করেন, ২০২২ সালের মেক্সিকোর সঙ্গে ম্যাচে আর্জেন্টিনা কিছুটা ভয় নিয়ে মাঠে নেমেছিল। আগেভাগে বিদায়ের সম্ভাবনা দলকে মানসিক চাপের মধ্যে ফেলেছিল।
মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে থাকলেও মেক্সিকোকে সবসময়ই শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দেখেন মেসি। তাঁর মতে, বল দখল রাখা, ম্যাচের গতি নিয়ন্ত্রণ এবং শৃঙ্খল কৌশল প্রয়োগে মেক্সিকো যেকোনো শক্তিশালী দলকেও চাপে ফেলতে সক্ষম।
২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা-এ। স্বাগতিক সুবিধার কারণে মেক্সিকো পাবেন বাড়তি সমর্থন এবং পরিচিত ভেন্যুতে খেলার সুযোগ, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
মেসি বলেন, নিজের মাঠে খেলার প্রভাব থাকে, সেটা ভালো হোক বা খারাপ। তাই তিনি আশা প্রকাশ করেছেন, টুর্নামেন্টের শুরুতে মেক্সিকোর সঙ্গে আর্জেন্টিনার মুখোমুখি না হওয়ার।
তবে আসন্ন বিশ্বকাপে গ্রুপ পর্বে দুই দলের মুখোমুখি ম্যাচ থাকছে না। মেক্সিকো রয়েছে গ্রুপ ‘এ’-তে, আর বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের সঙ্গে খেলবে।































