নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে অব্যাহতি
Published : ১৬:৩৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান নাসা গ্রুপ-এর ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ সাইফুল আলমকে কোম্পানির সকল ধরনের কার্যক্রম থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে।
কোম্পানির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিসেস নাসরীন ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জারি করা এই চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত গুরুতর অভিযোগের প্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশেষ করে দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন এবং দৈনিক জনকণ্ঠ-এ প্রকাশিত প্রতিবেদনে বন্ড পণ্য ও কোম্পানির সম্পদ অবমূল্যায়িত দামে বিক্রি, কমিশন বাণিজ্য এবং আর্থিক অসদাচরণের মতো অভিযোগ উঠে আসে। এছাড়া কর্মচারী, ব্যাংক ও ব্যবসায়িক অংশীদারদের জন্য সম্ভাব্য ক্ষতিকর সিদ্ধান্ত গ্রহণের অভিযোগও রয়েছে।
অভিযোগের গুরুত্ব ও প্রতিষ্ঠানের সুনাম রক্ষার স্বার্থে খন্দকার মোহাম্মদ সাইফুল আলমকে সকল নির্বাহী ও পরিচালনাগত ক্ষমতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে কোম্পানির পক্ষে যেকোনো ধরনের প্রতিনিধিত্ব করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
কোম্পানির সম্পত্তি, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অফিসিয়াল অ্যাক্সেস অবিলম্বে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে এবং কোম্পানির রেকর্ড, স্ট্যান্ড বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে হস্তক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরও জানানো হয়, গণমাধ্যমে উত্থাপিত সব লেনদেন, সম্পদ বিনিয়োগ ও সংশ্লিষ্ট আর্থিক বিষয় যাচাই-বাছাই করতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তদন্তে দেখা যায়, খন্দকার মোহাম্মদ সাইফুল আলম নাসার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের ভয়-ভীতি প্রদর্শন করছেন এবং আপনার বিরুদ্ধে স্বাক্ষ্য দিলে তাদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন।
এ বিষয়ে জানতে খন্দকার মোহাম্মদ সাইফুল আলমের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে তার সঙ্গে কোম্পানির পক্ষে কোনো ধরনের লেনদেন বা চুক্তিতে না জড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ ঘটনায় কর্পোরেট অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং তদন্ত কমিটির প্রতিবেদনের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
বিডি/এএন


































