মোহামেডানের নতুন সভাপতি বরকতউল্লা বুলু, হয়নি কোনো প্রতিদ্বন্দ্বিতা

মোহামেডানের নতুন সভাপতি বরকতউল্লা বুলু, হয়নি কোনো প্রতিদ্বন্দ্বিতা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০৯, ৭ মার্চ ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য বরকতউল্লা বুলু। সভাপতির পদে নির্বাচনে অংশ নিতে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

তবে সরকারদলীয় এমপি জয়নুল আবেদীন ফারুক এবং সাবেক হকি খেলোয়াড় সাজেদ এএ আদেল নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয় নিশ্চিত হয় বুলুর।

এদিকে পরিচালক পদের নির্বাচনেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। পরিচালক পদে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্য থেকে ১২ জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে ক্লাবের ১৬ জন পরিচালকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আগামী সোমবার (৯ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাবের বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ও পরিচালকদের নাম ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল হক হেলাল জানান, সভাপতি পদের জন্য তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু তাদের মধ্যে দুজন পরে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় একজনই প্রতিদ্বন্দ্বী হিসেবে থেকে যান এবং তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

একইভাবে পরিচালক পদের জন্য ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও সেখান থেকে ১২ জন সরে দাঁড়ান। ফলে অবশিষ্ট ১৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৬ পরিচালক হলেন— লোকমান হোসেন ভুঁইয়া, মাহবুবুল আনাম, মোস্তফা কামাল, মোস্তাকুর রহমান, মাসুদউজ্জামান, এনায়েত হোসেন সিরাজ, খায়রুল কবীর খোকন, আবুল কালাম, মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এসএ সালাম, নিলুফার চৌধুরী মনি, সাজেদ এএ আদেল, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, মাহমুদ হাসান খান এবং জাকির হোসেন চৌধুরী।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement