সময় যতই লাগুক অভিযান চলবে
Published : ১৩:১০, ৯ মার্চ ২০২৬
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসী ও অপরাধীদের অভয়ারণ্য থেকে মুক্ত করতে নজিরবিহীন এক যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিন ধরে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত এই এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই সমন্বিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
সোমবার (৯ মার্চ) সকালে পুলিশের এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বিভিন্ন বাহিনীর প্রায় ৩ হাজার সদস্য নিয়ে মাঠে নেমেছে যৌথ কমান্ড। অভিযান চলাকালে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও সরাসরি অংশ নিচ্ছেন। প্রয়োজন অনুযায়ী যতদিন দরকার হবে ততদিন এই অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানানো হয়েছে।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর একটি স্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে। সেখানে বিভিন্ন বাহিনীর সদস্যরা পালাক্রমে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে অপরাধীরা যাতে কোনোভাবে সেখানে আশ্রয় নিতে না পারে, সে জন্য কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অভিযান সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী একযোগে সমন্বিতভাবে কাজ করছে এবং পুরো এলাকা ঘিরে অভিযান পরিচালনা করা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার জন্য সেনাবাহিনীও প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গল সলিমপুর এলাকাকে সম্পূর্ণ নিরাপদ করা এবং সেখানে গড়ে ওঠা অপরাধের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার লক্ষ্যেই এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযান চলাকালে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং অপরাধীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
বিডি/এএন
































