চিকিৎসাধীন অবস্থায় ইরানের হামলায় আহত মার্কিন সেনার মৃত্যু

চিকিৎসাধীন অবস্থায় ইরানের হামলায় আহত মার্কিন সেনার মৃত্যু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৩৩, ৯ মার্চ ২০২৬

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত আরও এক মার্কিন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকম জানায়, গত ১ মার্চ সৌদি আরবে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর চালানো হামলায় গুরুতর আহত হওয়া এক সেনা সদস্য রোববার (৮ মার্চ) রাতে মারা যান। মধ্যপ্রাচ্যে ইরানি শাসনের প্রাথমিক হামলার সময় তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন বলে জানানো হয়েছে।

সেন্টকমের তথ্য অনুযায়ী, চলমান “অপারেশন এপিক ফিউরি” চলাকালে এটি সপ্তম মার্কিন সেনা সদস্যের মৃত্যুর ঘটনা। সংস্থাটি আরও জানিয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। নিহত ওই সেনা সদস্যের পরিবারের সদস্যদের অবহিত করার ২৪ ঘণ্টা পর তার পরিচয় প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

এদিকে রোববার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে দুইজন প্রবাসী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন বাংলাদেশি এবং অন্যজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের আবাসিক ভবনে হামলা চালায় ইরান। এতে আরও অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। তবে আহতদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছিল, তারা সৌদি আরবের আল-খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

অন্যদিকে গত মঙ্গলবার সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটও ড্রোন হামলার শিকার হয়েছে বলে জানা গেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement