ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ওবায়দুল ইসলাম, ইউজিসিতে মামুন আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ওবায়দুল ইসলাম, ইউজিসিতে মামুন আহমেদ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৩৬, ১৬ মার্চ ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবেও কর্মরত আছেন। একই সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এর আগে ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন অধ্যাপক এস এম এ ফায়েজ। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে অপারগতার কথা উল্লেখ করেন। সোমবার (১৬ মার্চ ২০২৬) তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কাছে এ বিষয়ে আবেদন পাঠান।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকেও অব্যাহতি চেয়ে গত ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে আবেদন করেন নিয়াজ আহমদ খান। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়াজ আহমদ খান ওইদিন সকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং উপাচার্যের পদ থেকে অব্যাহতি নিয়ে তাঁর মূল পদে, অর্থাৎ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড–১ অধ্যাপক হিসেবে ফিরে যাওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদনপত্র জমা দেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় তিনি উপাচার্যের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এবং সেই অনুযায়ী আবেদন করেন।

উল্লেখ্য, ছাত্র–জনতার আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পরবর্তী সময়ে আগস্টের শেষ দিকে নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement