খুলনার কেডিএ মার্কেটে গুলিতে প্রাণ গেল ছাত্রদল নেতার
Published : ১৭:৪৭, ১৬ মার্চ ২০২৬
খুলনায় `আনাম রাশু (৩৮) নামে এক ছাত্রদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানার আওতাধীন আড়ংঘাটা রোডের কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রাশিকুল আনাম রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি দৌলতপুর থানার দেয়ানা এলাকার বাসিন্দা শরীফুল আনামের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাজনীতির পাশাপাশি রাশু কেডিএ কল্পতরু মার্কেটের পাশেই ইট ও বালুর ব্যবসা পরিচালনা করতেন। সোমবার সকালে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন।
এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়িভাবে গুলি ছুড়তে শুরু করে। গুলির একটি তার মাথায় লাগলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় রাশুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি/এএন


































