আয়কর রিটার্নে ৯০ দিন বাড়তি সময়, আবেদন পদ্ধতি জানুন

আয়কর রিটার্নে ৯০ দিন বাড়তি সময়, আবেদন পদ্ধতি জানুন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৪৯, ১৬ মার্চ ২০২৬

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২০২৬ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর সুযোগ দিয়েছে। সোমবার (১৬ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলতি করবর্ষে রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত শেষ সময় ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে। তবে কোনো ব্যক্তি করদাতা যদি এই সময়ের মধ্যে লিখিতভাবে আবেদন করেন, তাহলে সংশ্লিষ্ট কর কমিশনার তার জন্য অতিরিক্ত সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বাড়ানোর অনুমতি দিতে পারবেন।

এনবিআর জানায়, রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং স্বচ্ছ করতে একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। করদাতারা এখন ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘Time Extension’ অপশন ব্যবহার করে অনলাইনে সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন করার পর সংশ্লিষ্ট কর কমিশনার আবেদনটি পর্যালোচনা করে তা অনুমোদন বা নামঞ্জুর করবেন। যদি আবেদন অনুমোদিত হয়, তাহলে করদাতা নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে কোনো ধরনের জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই রিটার্ন দাখিল করতে পারবেন।

তবে অনলাইনে আবেদন করার জন্য করদাতার ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন থাকা বাধ্যতামূলক। যেসব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তারা চাইলে অনলাইনের পাশাপাশি সরাসরি লিখিতভাবেও সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।

এনবিআর-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ই-রিটার্ন সিস্টেমে প্রায় ৫০ লাখ ব্যক্তি করদাতা নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে প্রায় ৪১ লাখ করদাতা ইতোমধ্যে ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন জমা দিয়েছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement