দক্ষ জনশক্তি গড়তে মানসম্মত ও আধুনিক শিক্ষার ওপর গুরুত্বারোপ

দক্ষ জনশক্তি গড়তে মানসম্মত ও আধুনিক শিক্ষার ওপর গুরুত্বারোপ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৩৮, ২৭ মে ২০২৬

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য শুধু শিক্ষিত মানুষ তৈরি করা নয়, বরং আধুনিক ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা।

আজ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুঃস্থ, অসহায়, অসুস্থ, বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণকে জনসম্পদে পরিণত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। সমাজে সৎ, যোগ্য ও মানবিক মানুষের সংখ্যা বাড়লে অন্যায় ও অপরাধ কমবে এবং দেশ একটি সুন্দর ও শৃঙ্খল সমাজে পরিণত হবে।

তিনি আরও বলেন, একজন মানুষের মধ্যে যদি নৈতিকতা, জ্ঞান ও দক্ষতা একসঙ্গে থাকে, তাহলে তার সফলতার পথ রুদ্ধ হওয়ার সুযোগ নেই। তাই শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপরও গুরুত্ব দিতে হবে।

অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের পাশে সরকার রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহায়তা কার্যক্রম ধীরে ধীরে আরও বিস্তৃত করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাউসার শেখ।

পরে জেলার চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের ২০০ অসহায় নারী-পুরুষের মাঝে ১৫ কেজি করে চাল এবং ১০০ জনের মধ্যে ঈদ উপহার হিসেবে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

এর আগে ৩৩ জন শিক্ষার্থী, পাঁচজন অসুস্থ ও অসহায় ব্যক্তি এবং পাঁচজন প্রতিবন্ধীর মাঝে প্রায় সাড়ে ১২ লাখ টাকার সরকারি অনুদানের চেক বিতরণ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার মো. হারেছ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাছুদ রানাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
 

শেয়ার করুনঃ
Advertisement