আরও কয়েকদিন তাপপ্রবাহের দাপট, ৪০ জেলায় সতর্কতা

আরও কয়েকদিন তাপপ্রবাহের দাপট, ৪০ জেলায় সতর্কতা প্রতীকী ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪৫, ২ জুন ২০২৬

ঢাকাসহ দেশের ৪০টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এ পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে তাপপ্রবাহের বিস্তার আরও কিছু জেলায় ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

মঙ্গলবার আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর ও লক্ষ্মীপুরসহ রাজশাহী বিভাগের আটটি, রংপুর বিভাগের আটটি, বরিশাল বিভাগের ছয়টি এবং খুলনা বিভাগের ১০টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে।

তিনি বলেন, চলতি মৌসুমে এ ধরনের তাপপ্রবাহ স্বাভাবিক ঘটনা। আগামী দু-একদিন বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকায় তাপপ্রবাহের তীব্রতা একই রকম থাকতে পারে। তবে বৃষ্টি শুরু হলে পরিস্থিতির উন্নতি হবে এবং তাপমাত্রা কিছুটা কমে আসবে।

আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে মাঝারি মাত্রার ভারী বৃষ্টিও হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে।

অন্যদিকে বৃহস্পতিবার রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শেয়ার করুনঃ
Advertisement