খুলনায় ভাড়া নিয়ে বিরোধে বাড়ির মালিকের লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

খুলনায় ভাড়া নিয়ে বিরোধে বাড়ির মালিকের লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু ছবি: সংগৃহীত

খুলনা প্রতিনিধি

Published : ১৭:১৮, ২৫ অক্টোবর ২০২৬

খুলনা মহানগরীতে ভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়ির মালিকের লাঠির আঘাতে ভাড়াটিয়া রকিবুল ইসলামের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় বাড়ির মালিক মজলিস খান ও তার স্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় খুলনার বসুপাড়া বকুলতলা শতরুপার মোড়ে বাড়িভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ির মালিক ও ভাড়াটিয়ার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ির মালিক মজলিস খান তার হাতে থাকা লাঠি দিয়ে রকিবুলের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

এতে রকিবুল আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

সোনাডাঙ্গা থানা পুলিশের এএসআই আল মিরাজ খান জানান, রকিবুলের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় বাড়ির মালিক মজলিস খান ও তার স্ত্রী ফাতেমা বেগমকে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুনঃ
Advertisement