ফিলিপাইনে মাঝ আকাশে দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট
Published : ১৭:৫৫, ২৫ অক্টোবর ২০২৬
ফিলিপাইন বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ উড়োজাহাজের মাঝ আকাশে সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। দুর্ঘটনার পর তদন্ত শুরু হয়েছে এবং সাময়িকভাবে এসএফ-২৬০ সিরিজের অবশিষ্ট প্রশিক্ষণ বিমানগুলোর উড্ডয়ন স্থগিত করেছে ফিলিপাইন বিমান বাহিনী।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত বিমান দুটি এসএফ-২৬০ সিরিজের। গত ২৩ অক্টোবর শুক্রবার বিকেলে ফিলিপাইনের বাতানগাস প্রদেশের লিপা শহরের একটি বিমানঘাঁটির আকাশে বিমান দুটির সংঘর্ষ হয়। এতে উভয় বিমানের দুই পাইলট করে মোট চারজন নিহত হন।
এ দুর্ঘটনায় বিমানঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নিহত চার পাইলট ছাড়া অন্য কেউ হতাহত হননি বলেও জানানো হয়েছে।
এসএফ-২৬০ সিরিজের প্রতিটি বিমানে দুজন করে পাইলট থাকেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলাকালে ফিলিপাইন বিমান বাহিনী তাদের বহরে থাকা অবশিষ্ট এসএফ-২৬০ বিমানগুলোর উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রেখেছে।
ফিলিপাইন বিমান বাহিনী ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে বর্ণনা করলেও কী পরিস্থিতিতে বিমান দুটি সংঘর্ষে জড়ায়, সে বিষয়ে বিস্তারিত জানায়নি।
এপি-কে ঘটনা সম্পর্কে অবগত ফিলিপাইনের দুজন কর্মকর্তা জানিয়েছেন, বিমান দুটি আকাশে সংঘর্ষের শিকার হয়েছিল। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় তাঁরা নাম প্রকাশ করতে চাননি।
একজন প্রত্যক্ষদর্শী এপিকে জানিয়েছেন, বিমানগুলোর একটি বিমানঘাঁটিতে সামরিক কর্মীদের ব্যবহৃত ব্যারাকের কাছাকাছি গিয়ে বিধ্বস্ত হয়।
এসএফ-২৬০ বিমানের আগের দুর্ঘটনা
ফিলিপাইন বিমান বাহিনীর এসএফ-২৬০ সিরিজের বিমান এর আগেও প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়েছে। গত মে মাসে দেশটির উত্তরাঞ্চলীয় পার্বত্য প্রদেশ বেঙ্গুয়েতে নেভিগেশন প্রশিক্ষণের সময় একটি এসএফ-২৬০ বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় বিমানে থাকা দুই পাইলটই নিহত হন।
বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ম্যানিলার উত্তর-পশ্চিমে বাতানগাস প্রদেশে প্রশিক্ষণ উড্ডয়নের সময় আরেকটি এসএফ-২৬০ বিমান ধানখেতে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনাতেও দুই পাইলট নিহত হয়েছিলেন।
সর্বশেষ দুর্ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ফিলিপাইন তাদের সশস্ত্র বাহিনী আধুনিকায়নে নানা চ্যালেঞ্জের মুখোমুখি। আর্থিক সীমাবদ্ধতার কারণে দেশটির বিমান, নৌ ও স্থলবাহিনীর আধুনিকায়ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
একই সঙ্গে ফিলিপাইনকে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিদ্রোহ মোকাবিলার পাশাপাশি দক্ষিণ চীন সাগরের আঞ্চলিক বিরোধ নিয়ে চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনাও সামাল দিতে হচ্ছে।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ফার্স্টপোস্ট।

































