মগবাজারে আসিফ আকবরের গাড়িতে গুলি, হত্যাচেষ্টার মামলা

মগবাজারে আসিফ আকবরের গাড়িতে গুলি, হত্যাচেষ্টার মামলা ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৭:২৮, ২৫ অক্টোবর ২০২৬

রাজধানীর মগবাজারে নিজের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। শনিবার (২৪ অক্টোবর) রাতে হাতিরঝিল থানায় তিনি নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে। তবে এখনো এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। ওই সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। তিনি ভবনটিতে নিজের ব্যক্তিগত অফিস বা স্টুডিওতে অবস্থান করছিলেন।

গাড়িতে কেউ না থাকায় এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তবে গুলিতে গাড়িটির পেছনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশায় এসে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে একই অটোরিকশায় করে মালিবাগের দিকে পালিয়ে যান তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে একটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি গুলি চালানোর পেছনের উদ্দেশ্যও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেয়ার করুনঃ
Advertisement