তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন, সংবিধান সংশোধনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন, সংবিধান সংশোধনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:১১, ২৫ অক্টোবর ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হবে। এ বিষয়ে রাজনৈতিক সমঝোতা হয়েছে বলেও দাবি করেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। এ ব্যাপারে রাজনৈতিক সমঝোতা হয়েছে।”

তিনি বলেন, ত্রয়োদশ সংশোধনী-সংক্রান্ত সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের দেওয়া রায় সর্বোচ্চ আদালত বাতিল করেছেন। বিচার বিভাগীয় প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তবে সংবিধানে এ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য আইনসভার মাধ্যমে সংবিধান সংশোধন করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করতে হবে এবং এ বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ। তার ভাষ্য অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তনই ছিল তাদের আন্দোলনের অন্যতম লক্ষ্য। সংবিধান সংশোধনের মাধ্যমেই এ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং এ বিষয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে শুরু থেকেই এ ধরনের অপপ্রয়াস চালানো হচ্ছে। তার দাবি, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করা এবং পরিস্থিতির সুযোগ নেওয়াই এসব প্রচারের উদ্দেশ্য।

তিনি আরও বলেন, দেশে কোনো অপশক্তি, পতিত শক্তি, ফ্যাসিস্ট, পলাতক অপরাধী কিংবা গণহত্যাকারীর অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না।

শেয়ার করুনঃ
Advertisement