পরীমনির জন্মদিনে প্রকাশ পেল নতুন সিনেমা ‘ফারজানা’র ফার্স্ট লুক
Published : ১৭:৫৯, ২৫ অক্টোবর ২০২৬
জনপ্রিয় অভিনেত্রী পরীমনির জন্মদিনে প্রকাশ পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘ফারজানা’র ফার্স্ট লুক পোস্টার। তারেক রহমান পরিচালিত চলচ্চিত্রটিতে এক নারীর জীবনসংগ্রাম এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যেও টিকে থাকার লড়াই তুলে ধরা হয়েছে। গল্পের বিষয়বস্তু সামনে আসার পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
‘ফারজানা’ সিনেমায় একজন ক্রাইম রিপোর্টারের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন পরীমনি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রহস্যজনকভাবে প্রাণ হারান তার স্বামী। এরপর একমাত্র সন্তানকে নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে। স্বামীকে হারানোর পর সংসার সামলানো, নিজের জীবন গুছিয়ে নেওয়া এবং সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা—সবকিছুই তার কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
সমাজের নানা প্রতিকূলতা মোকাবিলা করে বেঁচে থাকা এবং নিজের অবস্থান ধরে রাখার সংগ্রামই সিনেমাটির মূল বিষয়। সার্ভাইভাল স্টোরি ঘরানার এই চলচ্চিত্রে গল্পের টানাপোড়েনের পাশাপাশি নারীর বাস্তব জীবনের সংকটও তুলে ধরা হবে।
নির্মাতা তারেক রহমান এর আগে বেশ কয়েকটি প্রশংসিত নাটক নির্মাণ করেছেন। তবে ‘ফারজানা’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনায় যুক্ত হয়েছেন তিনি।
সিনেমাটি প্রসঙ্গে পরীমনি জানান, এর পরিকল্পনা শুরু হয়েছিল বেশ আগে। প্রায় ছয় মাস আগেই চূড়ান্ত করা হয়েছিল তার চরিত্রের লুক। তবে নানা জটিলতা ও শিডিউল-সংকটের কারণে নির্ধারিত সময়ে শুটিং শুরু করা সম্ভব হয়নি।
অবশেষে বর্তমানে সিনেমাটির শুটিং শেষ পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, শুটিং শেষ হলে দ্রুতই মুক্তির প্রস্তুতি শুরু হবে। পরীমনির জন্মদিনে প্রকাশিত ফার্স্ট লুক পোস্টারের মাধ্যমে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

































