রোমানিয়ার নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

রোমানিয়ার নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:১৭, ২৫ অক্টোবর ২০২৬

রোমানিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় লুকা নিকুলেস্কুকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) রোমানিয়ার বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, রোমানিয়ার প্রধানমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে লুকা নিকুলেস্কুর সাফল্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাংলাদেশ ও রোমানিয়ার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

তারেক রহমান আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। বিশেষ করে বাণিজ্য, কর্মী সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে বাংলাদেশ ও রোমানিয়ার বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে রোমানিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এ ছাড়া লুকা নিকুলেস্কুর সুস্বাস্থ্য এবং রোমানিয়ার জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তারেক রহমান।

শেয়ার করুনঃ
Advertisement