‘বাংলাদেশি দেখলেই গুলি’, বিজেপি নেতার হুমকি
Published : ১৯:২২, ২৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ-ভারত সীমান্তে পাথর ও বালু উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে বাংলাদেশিদের লক্ষ্য করে উসকানিমূলক মন্তব্য ও গুলি করে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে ভারতের বিজেপি নেতা ও স্থানীয় বিধায়ক দধিরাম রায়ের বিরুদ্ধে। এ ঘটনায় সীমান্তে নজরদারি ও সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তসংলগ্ন সানিয়াজান নদী এবং ভারতের কোচবিহার জেলার মেখলীগঞ্জ সীমান্ত এলাকায় পাথর ও বালু উত্তোলনকে কেন্দ্র করে এ উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে গুলি বা স্টান গ্রেনেড ছুড়েছে বলে জানা গেছে।
ওই ঘটনাকে কেন্দ্র করে দধিরাম রায় বলেন, “আমাদের বিএসএফ সচেষ্ট রয়েছে। কোনো বাংলাদেশি জিহাদি হোক আর যে-ই হোক, ইন্ডিয়ার মাটিতে পা রাখলেই তাদের গুলি করে দেওয়া হবে। কালকে কিছুটা তার প্রমাণ দেওয়া হয়েছে এবং এরপর থেকে বিএসএফ আরও সতর্ক।”
এ ছাড়া দ্রুত জমি অধিগ্রহণ করে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং জিরো পয়েন্টে কড়াকড়ি আরোপের কথাও জানান তিনি।
অন্যদিকে, সীমান্ত এলাকার বাংলাদেশি গ্রামবাসীদের দাবি, তারা বাংলাদেশের ভূখণ্ডের সীমানার ভেতরে থেকেই নদীতে কাজ করছিলেন। তাদের অভিযোগ, বিএসএফ মাঝেমধ্যে জিরো লাইন বা নো-ম্যানস ল্যান্ডের কাছাকাছি এসে অযাচিতভাবে শক্তি প্রদর্শন করে এবং সাধারণ বাংলাদেশিদের ওপর চড়াও হয়।
এ ঘটনার পর সীমান্তে কড়া নজরদারি বাড়িয়েছে বিজিবি। বিজিবি সূত্র ও সীমান্ত এলাকার দায়িত্বশীল ব্যক্তিরা জানান, ভারতীয় বাহিনীর কথিত আগ্রাসী আচরণ এবং বিজেপি নেতার প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রস্তুত রয়েছে। ভারতীয় বাহিনীর যেকোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় সীমান্তে টহল ও সতর্কতা জোরদার করা হয়েছে।
































