‘আ.লীগকে ফেরাতে কাজ করছে বিএনপি সরকার’
Published : ১৯:২৬, ২৫ অক্টোবর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে দলটির সঙ্গে আঁতাত করে বিএনপি সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে দলীয়করণ ও রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে নিজেদের প্রচারের অভিযোগও তুলেছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে দলের গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, দেশে দলীয়করণ চলছে। রাষ্ট্রের অর্থ ব্যয় করে নিজেদের ব্র্যান্ডিং করছে বিএনপি। জনগণের রায়কেও দলটি অবমাননা করেছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক।
এ পরিস্থিতিতে দেশ রক্ষায় জুলাইয়ের মতো আবারও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, নির্বাচন হলেই সব ঠিক হয়ে যাবে—এমন কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি।
সারাদেশে ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করেন আখতার হোসেন।


































