অনলাইন ব্যবসার লেনদেনে নজর, তদন্তের তালিকায় ২৭ হাজার প্রতিষ্ঠান
Published : ১৯:০৫, ২৭ নভেম্বর ২০২৬
অনলাইন ব্যবসাগুলোকে আনুষ্ঠানিক করব্যবস্থার আওতায় আনতে প্রায় ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠানের তালিকা তৈরি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তালিকাভুক্ত এসব প্রতিষ্ঠানের বেশির ভাগেরই ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেই। প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম যাচাই করে ভ্যাট নিরীক্ষার আওতায় আনার বিষয়টি বিবেচনা করা হবে।
এনবিআরের ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর তথ্য সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটগুলোতে পাঠানো হয়েছে। কমিশনারেটগুলো এসব তথ্য যাচাই-বাছাই করবে।
তালিকায় বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মের পাশাপাশি ফেসবুকভিত্তিক ব্যবসা বা এফ-কমার্স প্রতিষ্ঠানও রয়েছে।
এ উদ্যোগের সঙ্গে যুক্ত এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগেরই ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেই। আনুষ্ঠানিকভাবে ব্যবসা পরিচালনার নিয়ম সম্পর্কেও তাদের অনেকের ধারণা কম।
উদ্যোগটির কারণ ব্যাখ্যা করে ওই কর্মকর্তা বলেন, দেশের অনেক ব্যবসা এখনো আনুষ্ঠানিক অর্থনীতির বাইরে রয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, কোনো গৃহিণী হয়তো নিজের বাসা থেকেই অনলাইনে ব্যবসা পরিচালনা করছেন। কিন্তু ব্যবসাকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনার বিষয়ে তাঁদের সচেতনতা বা আগ্রহ কম। অনেকের সঙ্গে যোগাযোগ করাও সহজ নয়।
তিনি জানান, কমিশনারেটগুলো তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর তথ্য যাচাই করবে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগতে পারে।
ই-কমার্স ও কুরিয়ার সেবা খাত নিয়ে গবেষণার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণায় দেখা গেছে, এ দুই খাত থেকে রাজস্ব আদায়ের বড় সম্ভাবনা রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, প্রতিটি অনলাইন ব্যবসার লেনদেনের পরিমাণ তুলনামূলক কম হতে পারে। তবে সব প্রতিষ্ঠানের লেনদেন একসঙ্গে হিসাব করলে এর পরিমাণ অনেক বড় হবে। এসব ব্যবসা আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় এলে তাদের আর্থিক লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রমের সঠিক হিসাব পাওয়া সম্ভব হবে, যা মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
২৯ রেস্তোরাঁর বিক্রির হিসাবে অসংগতি
এদিকে, ২৯টি রেস্তোরাঁর বিক্রির হিসাবে অসংগতি পেয়েছে ভ্যাট প্রশাসন। দেখা গেছে, খাবার সরবরাহকারী প্ল্যাটফর্মগুলোর হিসাবে এসব রেস্তোরাঁর বিক্রির পরিমাণ তাদের ভ্যাট রিটার্নে দেখানো বিক্রির চেয়ে বেশি।
ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের বিক্রির তথ্যের সঙ্গে বাছাই করা রেস্তোরাঁগুলোর ২০২৬ সালের আগস্ট মাসের ভ্যাট রিটার্নের তথ্য মিলিয়ে দেখে। এতে দেখা যায়, বেশ কয়েকটি রেস্তোরাঁ প্রকৃত বিক্রির তুলনায় অনেক কম বিক্রি দেখিয়েছে। অন্যদিকে, খাবার সরবরাহকারী তিনটি প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, এসব রেস্তোরাঁর বিক্রির পরিমাণ ছিল অনেক বেশি।

































