সি-স্যুট অ্যাওয়ার্ডে ‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআইয়ের কামরুল হাসান

সি-স্যুট অ্যাওয়ার্ডে ‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআইয়ের কামরুল হাসান কামরুল হাসান. ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:১৬, ২৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. কামরুল হাসান। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

ব্যবসায়িক নেতৃত্ব, পরিচালনাগত দক্ষতা এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার পেয়েছেন।

গত ২৩ নভেম্বর বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ১০ম লিডারশিপ সামিটের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় পঞ্চম বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস। এবারের আয়োজনে নেতৃত্ব, উদ্ভাবন ও ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে ২২টি ক্যাটাগরিতে দেশের করপোরেট খাতের ২৩ জন শীর্ষ নির্বাহীকে সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় কামরুল হাসান এসিআই পিএলসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ অর্জন তাঁর একার নয়; বরং প্রতিষ্ঠানের দক্ষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীদের সম্মিলিত সাফল্য। এ সম্মাননা অর্জনে প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্ব, সহকর্মী, ব্যবসায়িক অংশীদার এবং বিচারকমণ্ডলীর অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

আড়াই দশকেরও বেশি সময়ের কর্মজীবনে কামরুল হাসান দেশের দ্রুতগতিতে বিকাশমান ভোগ্যপণ্য বা এফএমসিজি খাতে পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ব্র্যান্ড মার্কেটিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করে ১৯৯৯ সালে তিনি গ্লোবাল বেভারেজ কোম্পানি লিমিটেডে যোগ দেন। সেখানে ভার্জিন ড্রিংকস বাজারজাতকরণে ভূমিকা রাখেন।

পরবর্তী সময়ে এসিআইয়ে যোগ দিয়ে দুই দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির ভোক্তাপণ্য ব্যবসার বিকাশে কাজ করেন তিনি। বিজনেস ডিরেক্টর হিসেবে প্রতিষ্ঠানের বহুমুখী পণ্য পোর্টফোলিও পরিচালনার দায়িত্ব পালনের পর ২০২৫ সালে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের চিফ বিজনেস অফিসার (সিবিও) পদে পদোন্নতি পান। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও সিওও হিসেবে দায়িত্ব পালন করছেন।

দেশের প্রথম আয়োডিনযুক্ত ভ্যাকুয়াম ইভাপোরেটেড (ভিই) লবণ ‘এসিআই পিওর সল্ট’ বাজারে আনা ও পণ্যটির প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এ ছাড়া এয়ার ফ্রেশনার, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং টুইংকেল বেবি ডায়াপারের মতো পণ্য বাজারে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও তিনি ভূমিকা রেখেছেন।

কামরুল হাসান নেতৃত্বের ক্ষেত্রে সহকর্মীদের দায়িত্ব ও মালিকানাবোধের সুযোগ দেওয়া, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে গুরুত্ব দেন। তাঁর মতে, এসব বিষয় প্রতিষ্ঠানের কার্যকারিতা ও ব্যবসায়িক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেয়ার করুনঃ
Advertisement